শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে বোন শেখ রোহানাকে নিয়ে দেশও ছেড়েছেন।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয়সহ অনেক নেতাকর্মী এবং মন্ত্রীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ জনতা।

এরই জেরে এবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন হাজারও বিক্ষুব্ধ জনতা।

আজ সোমবার বিকেলে শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে এ হামলা চালানো হয়। আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে।

জানা গেছে, আজমেরী ওসমানের বাড়িতে সাতটি মোটরসাইকেলে আগুন ও দুটি হ্যামার গাড়ি ভাঙচুর করা হয়। তিনটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে কয়েক হাজার আন্দোলনকারী আজমেরী ওসমানের বাড়িতে হামলা চালান। এ সময় মেইন গেট ভেঙে ফেলেন তারা। নিচতলায় আজমেরী ওসমানের অফিস ভাঙচুর করা হয়।

তবে হামলার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। এলাকাবাসীর তথ্যমতে, আজমেরী ওসমান ও তাঁর পরিবারের লোকজন রাতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সংহতি জানিয়ে সারা দেশে মানুষ রাস্তায় নেমে এলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। দুপুরেই একটি সামরিক হেলিকপ্টারে তিনি দেশ ছাড়েন।