নাহিদ ইসলাম বললেন

কেউ যেন লুটপাটের সুযোগ না পায়

আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়।

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার সন্ধ্যায় চ্যানেল টোয়েন্টিফোরের একটি লাইভে ছাত্র–জনতার প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি।

সন্ধ্যা সাতটার দিকে চ্যানেল টোয়েন্টিফোরে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছাত্র–জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানান, ছাত্র–শিক্ষক–সুশীল সমাজসহ অন্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।