৯ দিন ধরে প্যারিসের লা দিফঁস অ্যারেনার পুল মাতিয়েছেন বিভিন্ন দেশের সাঁতারুরা। ছিলেন বাংলাদেশের সোনিয়া খাতুনও। অনেকগুলো দেশ সাঁতারে নাম লিখলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে দুটো দেশের মাঝে। যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। প্যারিস অলিম্পিকের সাঁতার পর্বের শেষ প্রতিযোগিতাটি ছিল নারীদের ৪ গুণ ১০০ মিটার মিডলে রিলে। এর আগ পর্যন্ত স্বর্ণ জয়ের তালিকায় চোখে চোখ রেখে লড়ছিল দুটো দেশ। শেষ ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সাঁতারের পদক তালিকাতেও শেষ হাসি হাসেন যুক্তরাষ্ট্রের সাঁতারুরা। ম্যারাথন বাদে ৩৫টি পদকের লড়াইয়ে ৮টি স্বর্ণ জিতে নেয় যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে সন্তুষ্ট থাকতে হয় ৭টি স্বর্ণ নিয়েই। তিনে থাকা ফ্রান্স পেয়েছে ৪টি স্বর্ণ, যার সবকটিই জিতেছেন পুরুষ সাঁতারের নব্য তারকা লিওঁ মারশাঁ। এক প্যারিস আসরেই নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন এ ‘ফরাসি ফেলপস’।
সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের সাঁতারুরা জিতেছেন ২৮টি পদক। যা টোকিও অলিম্পিকে জেতা ১১ স্বর্ণসহ মোট ৩০টি পদকের চেয়ে দুটি কম। লন্ডন অলিম্পিকেও যুক্তরাষ্ট্র জিতেছিল ৩০টি পদক। তবে সেবার তার মধ্যে ১৬টিই ছিল স্বর্ণ। এ বিষয়ে দ্রুততম জলমানব হতে না পারা সেলেব ড্রেসেল বলেছেন, ‘আমার মনে হয় না খুব খারাপ আসর গিয়েছে। অন্য দেশগুলোও আগের তুলনায় অনেক ভালো করেছে। আমরা এবং অস্ট্রেলিয়া হয়তো পরিচিত দুটো দেশ। আমি বলবো সম্পদ সবার মাঝে বন্টন হয়েছে।’
এবার ৮টি স্বর্ণসহ অস্ট্রেলিয়া জিতেছে মোট ১৮টি পদক। ৪ স্বর্ণসহ মোট ৭টি পদক জিতেছে ফ্রান্স। ১৭ বছরের সামার ম্যাকিনটোশের সুবাদে ৩টি স্বর্ণসহ ৮টি পদক নিজেদের করে নিয়েছে কানাডা। মাত্র ২টি স্বর্ণ জিতলেও মোট ১২টি পদক নিজেদের দেশে নিয়ে যাচ্ছে চীন। দুটি করে স্বর্ণ জেতা দেশের মধ্যে আরও আছে ইতালি, হাঙেরি ও সুইডেন। সুইডেনের সারা ক্রোস্টম এবারের আসরের দ্রুততম জলমানবীর মুকুট জিতেছেন। দ্রুততম জলমানব হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ম্যাকএভয়।
প্যারিস অলিম্পিকে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মার্কিন সাঁতারু কেটি লেডেকি। ২০১২ লন্ডন অলিম্পিক দিয়ে শুরু করা লেডেকি এবার প্যারিসে এসে শুরুতেই ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতে নেন। এতে অলিম্পিক নারী সাঁতারের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণজয়ীর মুকুট ওঠে তার মাথায়। গত শনিবার ৮০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতে লেডেকি বনে যান অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণজয়ী নারী ক্রীড়াবিদ, তার মতো ৯টি স্বর্ণ আছে ১৯৫৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে তিনটি অলিম্পিকে সাবেক সোভিয়েত ইউনিয়নকে প্রতিনিধিত্ব করা জিমন্যাস্টিক কিংবদন্তি লারিসা লাতিনিনার।