রাফির ৬ রোমানার ৫ নৌবাহিনীর ৩৫ স্বর্ণ

২০ নতুন রেকর্ডে শেষ জাতীয় সাঁতার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম

২০টি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। চারদিন দিনব্যাপী এই আসরে ৩৫টি স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১০টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২৯টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় হয়েছে বিকেএসপি। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শেষ দিনে সাঁতারে ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৫টিতে নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

গত তিন দিন ছিল নৌবাহিনীর সামিউল ইসলাম রাফির একক রাজত্ব। শেষ দিনে অবশ্য আলো কেড়ে নেন তার সতীর্থ কাজল মিয়া। তিনি দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জুয়েল আহমেদের (২০২২ সালের রেকর্ড ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ড) রেকর্ড ভাঙেন। একই দিনে ৪০০ মিটার ফ্রি স্টাইলে গত বছর নিজের করা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে। সব মিলিয়ে এবারের জাতীয় সাঁতারে কাজল মিয়া মোট চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েন। শেষ দিনে সামিউল ইসলাম রাফি তাঁর ব্যক্তিগত ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে সতীর্থ আসিফ রেজার কাছে হেরে দ্বিতীয় হন।
নারী সাঁতারুদের মধ্যেও নতুন রেকর্ড হয়েছে শেষ দিনে। বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭.০১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার এবং চার গুনিতক ১০০ মিটার মিডলে রিলেতেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

রাফি ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক (৬টি নতুন জাতীয় রেকর্ড) অর্জন করে সেরা সাঁতারু নির্বাচিত হন। নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্য (৩টি নতুন জাতীয় রেকর্ড) পদক জিতে সেরা হন। ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পান এবং নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা হন। ওয়াটারপোলোতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত