এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে চার জন মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে শহরের কান্দিভিটুয়া মহল্লার জান্নাতি প্যালেস নামের ওই বাড়ির বিভিন্ন তলা থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়।

পরে নিহতের স্বজনরা গিয়ে লাশগুলো শণাক্ত করে নিয়ে যায়। নিহতেরা হলেন, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান, তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন, বড়গাছা এলাকার আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম মোহন ও মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী।

স্থানীয় বাসিন্দারা জানায়, শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর সোমবার (৫ আগস্ট) বিকালে সংসদ সদস্য শফিকুলের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বাড়িটির পাশে তার ছোট ভাইয়ের একটি পাঁচতলা বাড়ি ও সংসদ সদস্যের পুরোনো বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনটি বাড়িতেই লুটপাট করা হয়। এ সময় চারজন অতি উৎসাহী বা লুটপাটের উদ্দেশ্যে জান্নাতি প্যালেসে ঢুকে যায়। পরে আগুনের কারণে বের হতে না পেরে ভেতরে আটকা পড়ে মারা যায় তারা।