আরও আগেই সহিংসতা এড়ানো যেত: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এছাড়া বোন শেখ রেহানাকে সাথে নিয়ে দেশ ছেড়েছেনও তিনি।

সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন তিনি।

কোটা আন্দোলনকে কেন্দ্র কয়েক সপ্তাহের বিক্ষোভে নিহত হয়েছেন শত শত মানুষ। সম্প্রতি কয়েকদিনে সর্বোচ্চ সহিংসতা ও সংঘর্ষ দেখেছে বাংলাদেশের জনগণ। যা শেখ হাসিনার ১৫ বছরের মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে শেখ হাসিনার সরকার চাইলে অনেক সহিংসতা এড়ানো যেত বলছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টির দক্ষিণ এশিয়ার গবেষক তাকবির হুদা বলেছেন, শেখ হাসিনার সরকার ছাত্রদের দাবির প্রতি আরও আগেই প্রতিক্রিয়াশীল হলে অনেক সহিংসতা এড়ানো যেত।

তিনি সামরিক বাহিনীকে অন্তর্বর্তীকালীন সময়কে সাবধানে পরিচালনা করার পরামর্শ দেন এবং বেসামরিক শাসনে দ্রুত প্রত্যাবর্তনের দিকে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।