শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত রাজনৈতিক নয়, ভারতের আদালতই নেবে — তবে দিল্লি ও ঢাকার মধ্যে বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৪ এএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার আবারও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন। তবে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির আদালত। এটি রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না।

ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, প্রত্যর্পণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভারতের আদালতই নেবে। আদালতের প্রক্রিয়ায় মূলত যাচাই করা হবে, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না।

আরেক ভারতীয় কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। গত ৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে কবে দেশে ফিরতে চান—এমন প্রশ্নের জবাবে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে ডিসেম্বরকে বিজয়ের মাস উল্লেখ করেন। তিনি বলেন, ডিসেম্বরেই দেশে ফিরতে চান।

বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। একই সঙ্গে তাঁর দল আওয়ামী লীগও নিষিদ্ধ রয়েছে।

ভারতের ওই কর্মকর্তা আরও বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধকে দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে তীব্র আলোচনা চলছে। একই সঙ্গে সর্বোচ্চ অবস্থান থেকে সরে এসে বিষয়টির সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও তিনি জানান।

এর আগে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র বলেছিলেন, বিষয়টি নির্ধারিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো অনুরোধের সঙ্গে ২০১৩ সালের দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সব আইনি নথি সংযুক্ত করা হয়েছে।

২০২৪ সালের আগস্টে ঢাকায় গণঅভ্যুত্থানের পর থেকে প্রায় দুই বছর ধরে শেখ হাসিনা নয়াদিল্লির একটি গোপন স্থানে আশ্রয় ও নিরাপত্তায় রয়েছেন। গত ৫ আগস্ট রাজধানী নয়াদিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি দেশে ফেরার বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা জানান।

আওয়ামী লীগ নেতাদের দাবি, ভারতে আশ্রয়ে থাকার সময়ও শেখ হাসিনা বাংলাদেশে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। মাঝে মাঝে তাঁদের সঙ্গে সরাসরি বৈঠকও করেছেন। অবসর সময়ে নিয়মিত টেবিল টেনিস খেলেন বলেও তাঁরা জানান। ৭৮ বছর বয়সী এই নেত্রী বছরের শেষ দিকে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন বলেও তাঁরা দাবি করেন।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের মতো স্পর্শকাতর বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ‘মানবতাবিরোধী অপরাধে’ দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই রায়কে ভিত্তি করেই ঢাকা তাঁর প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে।

তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, ভারতে যদি শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতীয় প্রক্রিয়া শুরু হয়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই রায়কে বিভিন্ন আইনি কারণে চ্যালেঞ্জ করা হবে। তাঁদের অন্যতম যুক্তি হবে, রায়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছিল এবং তখন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন মুহাম্মদ ইউনূস।

২০১৩ সালে ভারত ও বাংলাদেশ একটি প্রত্যর্পণ চুক্তি সই করে। ওই চুক্তিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, দোষী সাব্যস্ত হওয়া অথবা আদালতের দেওয়া সাজা কার্যকর করার জন্য তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে।

চুক্তিতে আরও বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য কোনো অপরাধের বিষয়টি সংশ্লিষ্ট দেশের বিচারিক কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি হবে। চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ গ্রহণ না করার কথা বলা হয়েছে। তবে হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, হামলা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, হত্যায় প্ররোচনাসহ ১২ ধরনের অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না বলেও সেখানে উল্লেখ রয়েছে।

এ ক্ষেত্রে ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনও গুরুত্বপূর্ণ। ওই আইনে ভারত থেকে পলাতক অপরাধীদের প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

আইন অনুযায়ী, প্রত্যর্পণসংক্রান্ত বিষয় দেখভালের জন্য ভারতের কনস্যুলার, পাসপোর্ট ও ভিসা বিভাগ নোডাল দপ্তর হিসেবে কাজ করে। সংশ্লিষ্ট প্রত্যর্পণ চুক্তি বা ব্যবস্থার বিষয়গুলো বিবেচনা করে ভারত সরকার প্রয়োজন মনে করলে মামলাটি তদন্তের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে।

তদন্তকারী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুরোধকারী দেশের কাছে হস্তান্তরের মতো যথেষ্ট ভিত্তি রয়েছে, তাহলে তিনি তাঁর প্রতিবেদনে প্রত্যর্পণের সুপারিশ করতে পারেন। অন্যদিকে তদন্ত শেষে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন, বিদেশি দেশের অনুরোধের পক্ষে প্রাথমিকভাবে যথেষ্ট মামলা তৈরি হয়নি, তাহলে তিনি ওই পলাতক ব্যক্তিকে মুক্তি দিতে পারেন।

ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ এখন শুধু দুই দেশের সরকারের কূটনৈতিক আলোচনার বিষয় নয়। শেষ পর্যন্ত ভারতের আদালতের আইনি প্রক্রিয়াই তাঁর প্রত্যর্পণের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত