১৩ বছর পর ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আমাদের জোর দাবি বিলম্ব না করে অতি দ্রুত সংসদ ভেঙে দেন। অন্তর্বর্তী সরকার গঠন করুন।
তিনি আরও বলেন, অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে আমার দল শ্রদ্ধার চোখে দেখে।
২০১১ সালের পর থেকে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কার্যক্রম পরিচালিত হয়নি। মগবাজারের কার্যালয়ের পাশাপাশি পুরানা পল্টনে জামায়াতের ঢাকা মহানগরী কার্যালয়ের দশাও ছিল একই। গতকাল সোমবার রাতে দলটির নেতারা প্রথম কার্যালয়ে প্রবেশ করেন।