ছাত্ররা প্রমাণ করেছে, তারা কখনোই পরাজিত হয়নি: হানিফ সংকেত

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই রাজধানীতে বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে সব শ্রেণি-পেশার মানুষ। সারাদেশের সাধারণ মানুষের মতোই ‍উচ্ছ্বসিত বিনোদন জগতের ব্যক্তিরাও, তাদেরই একজন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।

ছাত্রদের আন্দোলন নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে গণমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে হানিফ সংকেত বলেন, ছাত্রদের আন্দোলন কখনোই পরাজিত হয়নি। এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই।

’৫২, ’৬৯ ও ’৯০–এর মতো ’২৪ সালেও গণ–আন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে, বলেন এ জনপ্রিয় উপস্থাপক। তিনি বলেন, ‘যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো, তাদের আত্মার শান্তি কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

নতুন সরকারের বিষয়ে হানিফ সংকেত বলেন, ‘আমি একটি নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক সরকার দেখতে চাই। যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।’

এর আগে সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।