ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের সতর্কবার্তা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। তিনি জানিয়েছেন, সম্প্রতি তার নাম ও উপস্থাপনা শৈলী নকল করে বিভিন্ন ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হানিফ সংকেত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি তার অনুষ্ঠানের মাধ্যমে একটি বিষয় তুলে ধরে আসছেন-সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, বরং অপরাধও। 

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ফটোকার্ড তার দৃষ্টিগোচর করেছেন। সেসব ফটোকার্ডে তার উপস্থাপনার ছন্দ অনুকরণ করা হলেও, সেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অথচ অনেকেই যাচাই-বাছাই ছাড়াই এসব কনটেন্ট শেয়ার, কমেন্ট ও লাইক করছেন। 

হানিফ সংকেত বলেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন। তার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল তার নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফর্ম ও স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত