ভারতে পালালেন আ.লীগ নেতা, ফিরলেন বিএনপি কর্মী

একই দেশের দুই চিত্র দেখা গেল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পরই দেশ ছাড়ার হিড়িক পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

এ অবস্থায় বাংলাদেশ ছেড়ে ভারতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের এক নেতা মোহম্মদ রুবেল ইসলাম। তার বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। অন্যদিকে ভারত থেকে খোশ মেজাজে বাংলাদেশে ফিরেছেন ইশাক জমান পাটোয়ারী নামের এক বিএনপি সমর্থক। ইশাক জামানের বাড়ি পঞ্চগড় জেলায়।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশ ছাড়ার হিড়িক পড়েছে। দলটির বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। এ অবস্থায় জীবন রক্ষায় নিজ দেশ ছেড়ে ভারতে পাড়ি জমাচ্ছেন অনেকে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ভারতের উদ্দেশে রওনা হন দিনাজপুরের যুবক রুবেল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন দেশে থাকা দুর্বিষহ হয়ে গেছে। দলটির নেতাকর্মী ও সমর্থকদের যেখানে পাওয়া হচ্ছে, সেখানেই মারধর করা হচ্ছে তাদের। এ অবস্থায় আমার জীবন বাঁচানোর জন্য পরিবার রেখে ভারতে এসেছি।

স্ত্রী ও তিন সন্তান দেশে রেখেই ভারতে গিয়েছেন রুবেল ইসলাম। পরিবার সম্পর্কে তিনি আরও বলেন, অনুমতি পেলে স্ত্রী ও সন্তানদেরও নিয়ে আসতাম। এখন খুবই চিন্তায় আছি। 

এদিকে সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ভারতের ফুলবাড়ির সীমান্তে ভিড় অনেকটাই থমকে গেছে। দুদিন আগেও দুই দেশের মানুষের যাতায়াতের যে সংখ্যা ছিল, সেই সংখ্যা এখন খুবই কম। অনেকেই ভারতে পড়ালেখা ও চিকিৎসার জন্য গিয়েছেন। এমনই একজন পঞ্চগড় জেলার ইশাক জামান। তিনি মঙ্গলবার (৬ আগস্ট) ভারত থেকে দেশে ফিরেছেন। তিনি পড়ালেখার জন্য ভারতের সিকিমে পাড়ি জমিয়েছিলেন।

ইশাক জামান জানান, তিনি বিএনপির সমর্থক। এ জন্য আগে দেশে ফিরতে চেয়েও পারেননি। তবে এবার আনন্দ-উল্লাসেই বাড়ি ফিরছেন। এ যুবক বলেন, আওয়ামী লীগের তাণ্ডবে টানা ১৭ দিন আমার বাবাকে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। বাড়িতে মা একা থেকেছেন। আমারও বাড়ি যাওয়া অসম্ভব ছিল। আমরা বিরোধী দলের সমর্থক বলেই এত অত্যাচার করা হয়েছে। এদিকে হাসিনা সরকারের পতন হয়েছে। এ জন্য আমি আজ খুশির আমেজে দেশে ফিরছি। দেশের পরিস্থিতি এখন ভালো আছে।