প্যারিস অলিম্পিকে ব্রাজিলের যাত্রাটা মোটেও স্বস্তিদায়ক। গ্রুপ পর্ব থেকেই জেগেছিল বিদায়ে শঙ্কা। শেষ পর্যন্ত তৃতীয় হয়ে কোনোরকমে টিকেছিল ভাগ্যের জোরে। সেই ব্রাজিল অলিম্পিকে নারী ফুটবল ইভেন্টের এবার সোনা জয়ের লড়াইয়ে। নারীদের ফুটবলের সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৪-২ গোলে উড়িয়ে দিলো তারা। তাতে ১৬ বছর পর ফাইনালে তারা খেলবে রেকর্ড চারবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
আগামী শনিবার প্যারিসে হবে ফাইনাল। তার আগের দিন শুক্রবার লিওঁতে জার্মানি ও স্পেন খেলবে ব্রোঞ্জের জন্য।
আগের সেমিফাইনালে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সময়ের খেলায় জার্মানিকে ১-০ গোলে হারায়। সোফিয়া স্মিথের ৯৫ মিনিটের গোলে ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর আবার ফাইনালে আমেরিকানরা। অলিম্পিকে ষষ্ঠ ফাইনালে পঞ্চম সোনা পেতে লড়বে তারা।
৬ মিনিটে আইরিন পারেদেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে গোল করা গাবি পোর্তিলহো বিরতির আগে ইনজুরি টাইমে গোল করেন। ৭১ মিনিটে আদ্রিয়ানা তৃতীয় গোল করে ব্রাজিলকে শক্ত অবস্থানে নেন।
৮৫ মিনিটে সালমা পারাল্লুয়েল্লো এক গোল শোধ দিলেও ব্রাজিল কেরোলিনের চতুর্থ গোলে জয় সুনিশ্চিত করে। ইনজুরি টাইমের ১২ মিনিটে পারাল্লুয়েল্লোর গোলে স্পেন ব্যবধান কমায়।
অলিম্পিকে ব্রাজিলের সেরা সাফল্য দুটি রুপা। ২০০৪ সালে এথেন্স ও ২০০৮ সালে বেইজিংয়ে ফাইনাল খেলে রানার্সআপ হয়ে এই সাফল্য পায়। দুইবারই তাদের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। এবার তৃতীয় ফাইনালে তারা আমেরিকানদের হারিয়ে প্রথম সোনার দেখা পায় কিনা, তারই অপেক্ষা।