পশ্চিমবঙ্গ পুলিশের সতর্কতা

একতরফা বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না

বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক উস্কানিমূলক সংবাদ প্রচার করছে ভারতের কিছু টিভি চ্যানেল। এ ধরনের সংবাদ দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ।

গতকাল ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তাদের নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক, এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী।’

এতে আরও বলা হয়, দর্শকদের অনুরোধ, এই ধরণের কভারেজ দেখার সময় নিজস্ব বিচারবিবেচনা প্রয়োগ করুন, এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনও নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।’