শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও দেশে রয়ে গেছে: গয়েশ্বর

আজকের যা অর্জন হয়েছে তার সব কল্যাণ ছাত্রদের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয় নাই। কে প্রধান উপদেষ্টা হবেন, সেটা আমাদের ভাবার বিষয় না। আমাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।

আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়েছেন, তবে তার প্রেতাত্মারা এখনো দেশে রয়েছে। তাদের হাত হতে সাবধান। পাড়া-মহল্লায় নব্য বিএনপি সৃষ্টি হয়েছে। তারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে লুটপাট করছে- এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা হামলা-মামলার শিকার হয়েছেন, ভাই হারিয়েছেন। আরেকটু কষ্ট করে মানুষের বাড়িতে হামলা ঠেকান।

পুলিশের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, তাদের সদস্যদের মধ্যে সবাই অন্যায় করেছেন বিষয়টি সঠিক নয়। সুতরাং আপনাদের সবার ভয় পাওয়ার কিছু নাই।

শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করতে যেমন বাধা-হয়রানির শিকার হতেন, আজ সেগুলোর কিছুতে ভুগতে হয়নি তাদের। এ ছাড়া নয়াপল্টন ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা যায়নি।