যুক্তরাজ্যে ফের দাঙ্গা, নিয়ন্ত্রণে ৬ হাজার পুলিশ মোতায়েন

  • ইংল্যান্ডে বুধবার কমপক্ষে ৩০টি বিক্ষোভের পরিকল্পনা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে
  • আরও দাঙ্গার আশঙ্কায় প্রায় ৬ হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৪:১১ পিএম

যুক্তরাজ্যের কয়েকটি শহরে সোমবার রাতে নতুন করে দাঙ্গা ও অস্থিরতার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন শহরে নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইংল্যান্ডে বুধবার (৭ আগস্ট) কমপক্ষে ৩০টি বিক্ষোভের পরিকল্পনা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আরও দাঙ্গার আশঙ্কায় প্রায় ৬ হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। খবর বিবিসির।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার সব সম্প্রদায়কে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা নিরাপদে থাকবেন। গতরাতে জরুরি বৈঠকের পর তিনি জনগণকে এই আশ্বাস দিয়েছেন।

গত সপ্তাহে ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় তিন শিশু নিহত হওয়ার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। দাঙ্গা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চার শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারী একজন উগ্র ইসলামপন্থি অভিবাসী, এরকম ভুল তথ্য ছড়িয়ে পড়ে। এরপর ৩০ জুলাই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন এবং অভিবাসনবিরোধী আন্দোলন শুরু হয়। সাউথপোর্টে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। 

দাঙ্গায় জড়িয়ে পড়া বিক্ষোভকারীদের কার্যকলাপকে ‘কট্টর-ডানপন্থি গুন্ডামি’ আখ্যা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তার শান্ত থাকার আহ্বান সত্ত্বেও সোমবার রাতে প্লেমাথে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এদিকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ রাজধানী জুড়ে বিদ্বেষপূর্ণ এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের উপ-সহকারী কমিশনার অ্যান্ডি ভ্যালেন্টিন বলেন, আমরা আমাদের সড়কে এসব সহ্য করবো না।

বিশৃঙ্খলা রোধ করতে সব রকমের শক্তি, কৌশল এবং সরঞ্জাম ব্যবহার করছে স্থানীয় পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত