কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার গণআন্দোলনে উত্তাল ছিল দেশ। অধিকার আদায় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন কয়েকশ মানুষ। গণরোষের মুখে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। অস্থিতিশীল এই সময়ে মাঠে আসতে পারেননি ক্রিকেটাররাও। অবশেষে কাল মাঠে ফিরতে পেরেছেন মুশফিকুর রহিমরা। আর অনুশীলন শুরুর আগে তারা নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
শুধু ক্রিকেটাররাই না, নিহতদের শহীদ উপাধি দিয়ে বিসিবির কার্যালয়ে ঝোলানো হয়েছে ব্যানার। যেখানে স্থান পেয়েছে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত শিশুদের ছবিও। শোকের আবহে দিন শুরুর পর ক্রিকেটার ও ক্রিকেট কর্মকর্তারা তাদের স্বাভাবিক কাজ শুরু করেন। যদিও দেখা যায়নি কোনো ক্রিকেট বোর্ডের কোনো পরিচালককে। তাদের ছাড়াই চলছে বোর্ডের স্বাভাবিক কার্যক্রম।
টানা দুই সপ্তাহের অস্থিরতার কারণে পিছিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তান সফরও। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে গেছে। মুশফিকদের পাকিস্তান যাওয়ার কথা ৯ আগস্ট।
সফরের তারিখ পেছানোর কারণে সিরিজও শুরু হচ্ছে দেরিতে। আগের সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা, ১৭ আগস্ট দ্বিতীয়টি। সূচি বদলে ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ, ২০ আগস্ট দ্বিতীয়টি। এরপর ২৬, ২৮ ও ৩০ আগস্ট তৃতীয় ওয়ানডে।
এছাড়া বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনও আজ থেকে শুরু করার পরিকল্পনা বোর্ডের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। নাফীস বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ আমরা এ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। গত তিন-চার দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসিলিটিজের কী অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না। মাঠকর্মীরা নিয়মিত কাজ করতে পারছিলেন না। আজ এসে দেখেছি মাঠকর্মীরা সব প্রস্তুত রেখেছেন। তাই ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করি, আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু করতে পারব।’
‘এ’ দলের ক্রিকেটারদের বেশ কয়েকজন টেস্ট দলে থাকার কথা। পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট থেকে। দুই টেস্টের জন্য পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক করা হয়েছে শান মাসুদ, আর সহ-অধিনায়ক সৌদ শাকিল। এই সৌদ শাকিলের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলবে পাকিস্তান শাহিনস। সেই দলে আছেন জাতীয় দলের আট ক্রিকেটার।
পাকিস্তান স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমির জামাল।