ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের জগন্নাথপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচ ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, তেলবাহী লরির চালক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের সাহাদাৎ হোসেন (৪৫) ও সদর উপজেলার চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সানাউল্লাহ (৩০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ শ্যামলী পরিবহন এবং ঢাকাগামী তেলবাহী লবিরর মুখোমুখি সংঘর্ষ হয়। অতিরিক্ত গতিসম্পন্ন হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।
ইন্সপেক্টর মোজাম্মেল হক আরও বলেন, দুর্ঘটনা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। একজনকে মৃত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে আরও ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।