সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দীদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দিলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এদিন বিকালে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জামিনপ্রাপ্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয়। এ সুযোগে অন্য বন্দীরাও কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে বন্দীরা উত্তেজিত হয়ে ওঠেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
সিরাজগঞ্জ জেল সুপার এএসএম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের আদেশে গত বুধবার ১৫১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। আরও ২৩ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল। তাদের মুক্তি দেওয়ার সময় জামিনপ্রাপ্তদের সঙ্গে কারাবন্দী অন্যরাও বের হওয়ার চেষ্টা করেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিছুক্ষণ ফাঁকা গুলি ছোড়া হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের কারাগারের ভেতরে চিকিৎসা দেওয়া হচ্ছে।’