অভিনেত্রীর নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জালিয়াতের কবলে পড়েছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। তার নাম করে অভিনেত্রীর পরিচিতদের কাছে ভুয়া নাম্বার থেকে টাকা চাওয়া হয়েছে। তবে ঘটনা অভিনেত্রীর কান পর্যন্ত পৌঁছাতেই সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হয়েছেন শ্রীমা।

শ্রীমার পর পর শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে তার পোষ্য সারমেয়দের ছুতোয় টাকা চেয়েছে সেই প্রতারক। অভিনেত্রীর নাম করে সেই প্রতারক বিভিন্ন জনকে লিখে পাঠায়, “আমি কলকাতার টেলি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য বলছি। আপনার সঙ্গে যৌথভাবে একটি কাজ করার কথা বলতে পেরে আমি উত্তেজিত। কোকো নামে আমার এক পোষ্য কুকুর রয়েছে। ওর একটা সঙ্গী কুকুর ছিল, যার মৃত্যু হয়েছে। তাই কোকো এখন অবসাদে ভুগছে। ইউটিউবে আপনার ভিডিও দেখলাম। ভাবছিলাম, আপনি যদি আমায় একটা কুকুর দেন যে কোকোর সঙ্গী হয়ে থাকবে। ওদের ছবি পোস্ট করে আপনাকেও আমি ট্যাগ করব। ফলে আপনার কাজেরও প্রচার হয়ে যাবে সমাজমাধ্যমে।” এই প্রস্তাব দিয়ে টাকাও চেয়েছে সেই প্রতারক।

সমাজমাধ্যমে শ্রীমা জানান, তার দুই পোষ্যই সুস্থ আছে। বিষয়টি নিয়ে লেখেন, “নতুন জালিয়াতি। দয়া করে প্রতারকের কথায় বিশ্বাস করবেন না। এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন। কোকো, জুলি দু’জনই সুস্থ আছে, ভাল আছে।”

শ্রীমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইনস্টাগ্রামে আমার পোষ্য সন্তান কোকোর একটা অ্যাকাউন্ট আছে। সেখানে একজন ব্রিডার আমায় মেসেজ করে জানান, তার কাছে আমার নাম করে কেউ হোয়াট্‌সঅ্যাপে মেসেজ করেছেন। আমি তাকে বলি বিষয়টিতে গুরুত্ব না দিতে। কয়েক দিন আগের ঘটনা এটা। কিন্তু আজ সকালে এই একই মেসেজ তিন- চার জনের কাছে যায়।”

শ্রীমা জানান, প্রতারকের কথা বিশ্বাস করে তাকে এক জন দু’হাজার টাকা পাঠিয়েও দিয়েছেন। অভিনেত্রী বলেন, “আমার পোষ্যের কথা শুনে ওর খোঁজ নিতে আমার আসল নম্বরে কয়েক জন টেক্সট করলে আমি বিষয়টা আজ জানতে পারি।” 

তবে এই মুহূর্তে শুটিং চলছে বলে থানায় অভিযোগ জানাতে পারেননি শ্রীমা। তার কথায়, “আমি এই ঘটনায় খুবই বিরক্ত। শুটিং চলছে বলে থানায় গিয়ে অভিযোগ জানানো হয়নি। তবে তেমনই পরিকল্পনা রয়েছে। সমাজমাধ্যমে দিলাম, যাতে মানুষ বিষয়টা জানতে পারেন।”