বাগেরহাট পৌর শহরের যানজট কমাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিএনসিসি। শহরের ব্যস্ততম এলাকাগুলোতে যাতে যানজট না হয় সেজন্য তারা কাজ করছেন। পুলিশ তাদের স্বাভাবিক কাজে না ফেরা পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করে যাবে।
বৃহষ্পতিবার (৮ আগস্ট) বাগেরহাটের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে সুশৃঙ্খলভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে। বাগেরহাটের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের একশ’র বেশি বিএনসিসি’র শিক্ষার্থী ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত আছে। তাদের এই কাজের প্রশংসা করছে সাধারণ মানুষ।
পথচারি সঞ্জয় পালসহ অন্যরা বলেন,“তাদের এই কাজ প্রশংসনীয়। ছাত্ররাই ভাল কাজের নেতৃত্ব দিক। ছাত্ররা দেশের ভবিষ্যঃৎ, আগামীদিনের কান্ডারি হোক এটাই আমরা প্রত্যাশা করছি।”
বাগেরহাট সরকারি পিসি কলেজের বিএনসিসির সদস্য শিক্ষার্থী মাহমুদ হাসান ছাকিব বলেন, “সেনাবাহিনী ও আনসারের সাথে সমন্বয় করে বিএনসিসি’র চারটি প্লাটুনের শতাধিক সদস্য ট্রাফিকের দায়িত্ব পালন করছি। তিনটি প্রধান পয়েন্ট সাধনার মোড়, দশানী ট্রাফিক মোড় ও কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ১০ থেকে ১২ জন করে দলে বিভক্ত হয়ে কাজ করছি। রাস্তায় চলাচলকারীদের ট্রাফিক আইন মেনে চলাচলের পরামর্শ দিচ্ছি। শহরের শৃঙ্খলা ঠিক রাখতে আমাদের এই কাজ করা। বাগেরহাটকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা বিএনসিসি কাজ করছি। পুলিশ তাদের স্বাভাবিক কাজে না ফেরা পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করে যাবে জানান এই বিএনসিসির সদস্য।”