টাঙ্গাইল থানায় ফিরেনি পুলিশ, কার্যক্রম বন্ধ

টাঙ্গাইলের থানাগুলোতে এখনও ফিরেনি পুলিশ। পুলিশ সদস্যরা কর্মবিরতিতে রয়েছে বলে এখনও কোন কার্যক্রম শুরু হয়নি। থানাগুলোর সার্বিক নিরাপত্তায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। এর পূর্বে বুধবার সন্ধ্যায় পুলিশ সদস্যদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে থানার গেট খুলে দেন পুলিশ সুপা মো. গোলাম সবুর।

এ সময় পুলিশ সুপার মো. গোলাম সবুর বলেন, সারা দেশে যে সমস্ত থানায় কার্যক্রম বন্ধ ছিল, সে সমস্ত থানা খুলে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য আইজিপির নির্দেশনা ছিল। থানা খুলে দেওয়া হলেও কোন পুলিশ সদস্যই দায়িত্ব পালন করছে না। পুলিশ সদস্যদের দাবি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আশা করি খুব শীঘ্রই পুলিশ সকল প্রকার কার্যক্রম শুরু করবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে সহিংসতা শুরু হলে সার্বিক অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল সদর থানার কার্যক্রম বন্ধ রাখা হয়।