ফেনী

আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মাসুমের মৃত্যু

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আহত শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। গত রোববার (৪ আগস্ট) মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ফেনীর সোনাগাজীর মধ্যম চর চান্দিয়া গ্রামে। বৃহস্পতিবার (৮ আগস্ট) চর চান্দিয়া সোবহানীয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাসুম চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে স্নাতকোত্তর পড়ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগে ফেনীর মহিপালে ছাত্রলীগ ও যুবলীগের গুলি-হামলায় ৯ জন নিহতের তথ্য মিলেছে।

নিহতের ভাই মাহফুজুল হাসান জানান, গত রবিবার মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি মাসুমের মাথায় লাগে। তাকে তিনটি গুলি করা হয়, এর মধ্যে একটি মাথার ভেতরে থেকে যায়। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় অপারেশন করাও সম্ভব হয়ে উঠেনি।