গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। এ সময় গুমের শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে তার মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার দাবি করেন স্বজনরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফেনী শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সড়কে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানানো হয়।
রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘১০ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে (র্যাব) ঘর থেকে তুলে নেওয়া হয়। থানায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি। আজও হদিস পায়নি ছেলের। গুমের শিকার হওয়া ছেলের সন্ধান ও গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১০ বছরও মেলেনি বিচার।’
ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবির সভাপতিত্বে ও অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শেখ ফরিদ আক্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, ফেনী থিয়েটারের সাবেক প্রধান সমন্বয়কারী কাজী ইকবাল আহমেদ পরান, অধিকার সদস্য তন্বী সোম ও গুম হওয়া যুবক নেতা মাহবুবুল হক রিপনের বড় ভাই শিপু।