নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানা গেছে।
১৬ উপদেষ্টাদের মধ্যে দুজন হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। তারা হলেন—সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সমন্বয়ক নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।