ফোরাম সদস্যদের কর্মকান্ডে ভাবমূর্তি ক্ষু্ণ্ণ হয়েছে : বিজিএমইএ

বিজিএমইএ পর্ষদ ভেঙে দেওয়ার চেষ্টার সময় সংগঠনটির প্রধান কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। সদস্যদের এ হট্টগোলের ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে বিজিএমইএ জানিয়েছে, ব্যবসায়িক সংগঠনে প্রচলিত নিয়মের বাইরে অশোভনীয়ভাবে সংস্কার দাবি কোনোমতেই গ্রহণযোগ্য নয়। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে তারা বলছে, সভায় সাধারণ সদস্যরা গত ৭ আগস্ট উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানায় বিজিএমইএ।

তারা বলেন, মতের ভিন্নতা থাকলেও ব্যবসায়িক সংগঠনে প্রচলিত নিয়মের বাইরে অশোভনীয়ভাবে সংস্কার দাবি কোনোমতেই গ্রহণযোগ্য নয়। তারা বিজিএমইএর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিদেশি ক্রেতাদের কাছে শিল্প ও বিজিএমইএ বিষয়ে নিঃসন্দেহে নেতিবাচক বার্তা যাবে, যা শিল্পের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়।

বিজিএমইএর নিরাপত্তা ও পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকার উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে সাধারণ সদস্যরা বিজিএমইএ নেতাদের সঙ্গে এক বৈঠক করেছেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।  বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্র, জনতা এবং প্রশাসনের যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যলাভ কামনা এবং শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।