লালমনিরহাটে যুবদলের তিন নেতা বহিস্কার

আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, ভাংচুর ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটে তিন যুবদল নেতাকে বহিস্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বহিস্কৃতরা হলেন—আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম আব্বাস, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম মণ্ডল ও একই ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম। 

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান জানান, সংগঠনের নির্দেশ অমান্য করে এসব নেতা প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাংচুর চালান বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে। ভবিষ্যতেও যারা এ ধরণের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদেরকেও এ ধরণের শাস্তি দেওয়া হবে।