আবু সাঈদকে নিয়ে শফিক তুহিনের গান

আবু সাঈদকে নিয়ে গান করলেন জনপ্রিয় গায়ক শফিক তুহিন। বিজয়ের গল্প শিরোনামে  এই গানের কথা ও সুর করেছেন শফিক তুহিন। সংগীত আয়োজন করেছেন কিশোর দাস। গতকাল গানটি মুক্তি পেয়েছে গায়কের অফিশিয়াল চ্যানেলে। বুক চিতিয়ে নির্ভয়ে যে দাঁড়াতে পারে, ভয় দেখিয়ে আর লাভ কী বলো তারে?
বৈষম্য আর অনিয়মে, জ্বলে উঠেছে ক্রমে ক্রমে- এমন কথামালার বগান সম্পর্কে শফিক তুহিন বলেন, সমাজের সব অসম বিষয় নিয়ে কথা বলে তরুণরা। আমরা যদি তরুণদের পাশে না দাঁড়াই তাহলে কীভাবে হবে।

তিনি বলেন, আবু সাঈদের মৃত্যু আমাকে স্পর্শ করে গেছে। একটি ছেলে দেশের সাম্যবস্থার জন্য অনিত্যতা দূর করার জন্য জীবন বিলিয়ে দিয়েছে, এটা আমাকে খুব ভাবিয়েছে। এই তাগিদ থেকেই আমি গানটি করেছি। এটা আমার একেবারে নিজস্ব জায়গা থেকে করা।

গানের কথা ও সুর সম্পর্কে শফিক তুহিনের ভাষ্য, দেখেন আমি আমার ভেতরে খেলা করা কথাগুলো নিয়ে এসেছি, সেভাবেই সুর করেছি। আর কিশোর দাস অত্যন্ত মেধাবী সংগীত পরিচালক। তার সংগীত আয়োজনে গানটি নির্মাণ করা হয়েছে।