ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে একের পর এক স্কুলে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে দখদার দেশ ইসরায়েল। সবশেষ গাজার দারাজ এলাকার একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলায় ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন অনেকে।
স্থানীয় সময় সময় শনিবার ভোরে ফজরের নামাজের সময় গাজার দারাজ এলাকার আল-তাবিন স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীদের জানায়, নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।
আল জাজিরা আরও জানিয়েছে, বোমা হামলার সময় স্কুলটির প্রার্থনা হলের ভিতরেই প্রায় ২৫০ জনের মত মানুষ অবস্থান করছিলেন। এছাড়া আশে-পাশের রুমগুলোতেও অনেক বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছিলেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা আল জাজিরাকে জানিয়েছেন, আল-তাবিন স্কুলে হামলায় ইসরায়েলি সেনাবাহিনী প্রতিটি দুই হাজার পাউন্ড (907 কেজি) ওজনের তিনটি বোমা ব্যবহার করেছে।
তিনি আরও জানান, ইসরাইয়েলি বাহিনী স্কুলের ভেতরে বাস্তুচ্যুত মানুষের উপস্থিতি সম্পর্কে সচেতন ছিল। তা সত্ত্বেও হামলা চালিয়েছে তাঁরা।
তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, স্কুলটি "সন্ত্রাসীদের" আশ্রয় দিচ্ছিল এবং হামাসের সদর দপ্তর হিসেবে কাজ করছিল।
গত ১০ মাস ধরে গাজাতে অব্যাহত হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে করে গাজায় নিহত হয়েছেন প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৯২ হাজার মানুষ।