শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, রয়টার্সকে নাহিদ

গণআন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন নাহিদ ইসলাম।

বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন নাহিদ। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

শুক্রবার রয়টার্সকে সাক্ষাৎকারে নাহিদ বলেন, "আমি কৌতূহলী, কেন সে (শেখ হাসিনা) দেশ ছেড়ে পালিয়েছে।“

নাহিদ বলেন, "আমরা শেখ হাসিনার অধীনে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার চাইব, এটি আমাদের বিপ্লবের অন্যতম প্রধান দাবি। এমনকি যদি তিনি ফিরে না আসেন, আমরা তাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করব।"

নাহিদ আরও বলেন, "আমরা তাকে (শেখ হাসিনা) গ্রেপ্তার করতে চাই। নিয়মিত বিচার ব্যবস্থার মাধ্যমে বা একটি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে, কিভাবে এই বিষয়ে এগিয়ে যেতে হবে তা নিয়ে আলোচনা করছি।"

এ সময় আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদারও একই দাবি রয়টার্সকে জানান। তিনি বলেন, ‘আমরা চাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক।'

এদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা এবং আগের সরকারের সব দুর্নীতির তদন্ত করা বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

তবে বাংলাদেশে নির্বাচন কবে হবে এমন প্রশ্নে নাহিদ রয়টার্সকে বলেন, ‘বাংলাদেশের যেকোনো নির্বাচনের আগে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী ভোট কবে হবে তা স্পষ্ট নয়। এ সময় তিনি নির্বাচনের নির্দিষ্ট সময় ঠিক করা হয়নি বলেও জানান।

ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা, রয়টার্সের এমন প্রশ্নে নাহিদ জানান, "আমি পরবর্তীতে কী হব তা বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে।"

এছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে নাহিদ বলেন, ভারত শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয়।

তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই ভারতেরও তার পররাষ্ট্রনীতির দিকে নজর দেওয়া দরকার। অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।‘