‘বাকস্বাধীনতা’য় ভাবনার ৮ ছবি

অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত আশনা হাবিব ভাবনা। বিভিন্ন সময়ে নিজের ভাবনাগুলো তিনি তুলে ধরেন রংতুলির আঁচড়ে। তারই ধারাবাহিকতায় এবার ‘বাকস্বাধীনতা’ শিরোনামে আটটি ছবি এঁকেছেন তিনি।

মজার বিষয় হলো, আটটি ছবিই ভাবনা এঁকেছেন আগস্টের ৮ তারিখে মানে, এক দিনেই। ফেসবুকে ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আটটি ছবি আঁকা যখন শেষ হলো, তখন ঘড়িতে ৩টা ৩ মিনিট। এই ৩ নম্বরের সঙ্গে আমার সংযোগ ফিরে আসে (ভাবনার জন্মদিন ৩ আগস্ট)। যদিও ফিরে ফিরে জন্ম নেওয়ার লোভ আমার নেই!’

Bhabna art

এর আগে, ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো রংপুরের তরুণ শিক্ষার্থী আবু সাঈদের একটি প্রতিকৃতি এঁকেছিলেন ভাবনা। সাঈদের মৃত্যুর পরের দিনই ছবিটি ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী।

সেই পোস্ট পুনরায় শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘এবার তবে প্রকাশ্যে ফাঁসি দিন আবু সাঈদের খুনিকে। বর্তমানের কাছে চাই নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের সুশাসন। শান্তি প্রতিষ্ঠা হোক। নতুনত্ব দেখার অপেক্ষায়।’