নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে ৮ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিশু আবদুল কাদের (৩), আজিজুল হক (২), আছিয়া বেগম (৩) ও লায়লা বেগম (৪৫)।
ভাসানচর থানার ওসি মো. আবু জাফর দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১ জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে নিচে ছিদ্র হয়ে যায়। পরে যাত্রীদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বাকি তিন শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।