পরিবর্তনের হাওয়া লেগেছে সমাজের প্রতিটি স্তরে। বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। ফুটবলের এক সময়ের তারকারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নিয়মতান্ত্রিক পরিবর্তনের দাবীতে একাট্টা হয়েছেন। একঝাঁক সাবেক ফুটবলার শনিবার বাফুফে ভবনের সামনের আঙিনায় উপস্থিত হয়ে দিয়ে এসেছেন নিয়মতান্ত্রিক পরিবর্তনের বার্তা।
উদ্যোগটা ঠিক পূর্ব পরিকল্পিত ছিলো না। বেশ ক’জন সাবেক খেলোয়াড় মোহামেডান ক্লাবে সমবেত হয়েছিলেন ফুটবলার কল্যান সমিতির স্থবিরতা কি করে কাটানো যায় তা নিয়ে আলোচনা করতে। সেই আলোচনার মাঝেই বাফুফের বর্তমান নির্বাহী কমিটির প্রতি অনাস্থার বিষয়টি সামনে আসলে তারা চলে আসেন বাফুফে ভবনের সামনে। সেখানে দাঁড়িয়ে তারা নিজের মধ্যে আলোচনা করেন এবং উপস্থিত গনমাধ্যমের কাছে প্রকাশ করেন বাফুফের ভবিষ্যত নিয়ে ভাবনা।
রবিবার সমর্থকরা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তারের পদত্যাগের দাবীতে মার্চ টু বাফুফে কর্মসূচী ঘোষণা করেছে। সকালেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ফুটবল সমর্থক ঘেড়াও করবেন বাফুফে ভবন। সমর্থকদের আড়ালে দুস্কৃতিকারীরা যাতে ফুটবল ফেডারেশনে নাশকতা না চালায় সেই আহ্বান জানিয়েছেন সাবেক ফুটবলাররা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘আমরা কোন সমস্যা সৃষ্টি করতে যাইনি। সামনে খেলাগুলো যাতে চলমান আছে, অক্টোবরে মেয়েদের সাফ ফুটবল আছে, সেটার জন্য মেয়েরা যাতে প্রস্তুতি নিতে পারে। এছাড়া বাফুফের নির্বাচন যাতে নিয়মতান্ত্রিকভাবে হয়, সেই বার্তা নিয়েই আমরা সাবেকরা বাফুফে ভবনে গিয়েছিলাম। আমাদের চাওয়া যাতে ফিফার গাইডলাইন মেনে নিয়মতান্ত্রিকভাবে বাফুফেতে একটা পরিবর্তন আসে। যারা সত্যিকারে ফুটবলের ভালো চান, তারাই যাতে দায়িত্ব নেন। আমরা বর্তমান কমিটির কাউকে আর দেখতে চাই না। কারণ তারা ব্যর্থ হয়েছেন ফুটবলের উন্নতি করতে।’
সম্প্রতি বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী। তিনি বাফুফের ফিন্যান্স কমিটিরও দায়িত্বে ছিলেন। সাবেক ফুটবলারদের দাবী, কেবল পদত্যাগ করলেই চলবে না, বাফুফের সকল হিসেব বুঝিয়ে দিয়ে যেতে হবে তাকে।
জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘তিনি পদত্যাগ করেছেন। কিন্তু সকল হিসাব বুঝিয়ে দিয়েছেন কীনা সেটা জানাতে হবে। এখনও যারা আছেন তাদেরও সসম্মানের দায়িত্বে ছেড়ে দেওয়া উচিত। আমরা চাই সমাজের সর্বস্তরের মতো বাফুফেতেও পরিবর্তন আসুক। ফুটবলটা ফিরে পাক তার অতীত ঐতিহ্য।’
এমিলি ও বিপ্লব ছাড়াও সাবেক ফুটবলারদের মধ্যে শনিবার বাফুফে ভবনে উপস্থিত ছিলেন- ইমতিয়াজ আহমেদ নকীব, গোলাম গাউস, ইকবাল হোসেন, মাসুদ রানা, সহিদ হোসেন স্বপন, আলফাজ আহমেদ, জাকির হোসেন, মামুনুল ইসলাম, ওয়ালি ফয়সাল, জাহিদ হোসেন, তাজুল ইসলামসহ আরও অনেকে। সাবেকরা বাফুফে ভবনে থাকা নারী ফুটবলারদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপের জন্য বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে অনুরোধ করেন।