এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাত্রার তারিখ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটো টেস্ট ম্যাচ খেলতে ১৭ আগস্টের পরিবর্তে ১২ আগস্ট দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, ‘যেহেতু এখনো নির্বাচকরা দল ঘোষণা করেননি, তাই টিকিট কাটা হয়নি। তবে ১২ আগস্টের টিকিট বুক করা আছে।’
বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বিদেশী কোচরা মাঠে আসছেন না, তাদের ছাড়াই ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডই বিসিবিকে আমন্ত্রণ জানিয়েছে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে চলে আসার, জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।
পাকিস্তান 'এ' দলের বিপক্ষে খেলতে এরই মধ্যে সেখানে পৌঁছে গিয়েছে বাংলাদেশ 'এ' দল, যে দলে আছেন মুশফিকুর রহিম এবং মমিনুল হকের মত অভিজ্ঞ ক্রিকেটারও যাদের টেস্ট দলে থাকাটা প্রায় নিশ্চিত।
বিসিবি সূত্রে জানা গেছে আজ দল ঘোষণা হতে পারে পাকিস্তান সফরের জন্য। ২১ থেকে ২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টটি হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে।
