সরিষাবাড়িতে মন্দিরের তালা ভেঙে নাশকতার চেষ্টা, যুবক আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বীরধানাটা রায়পাড়া কালিমাতা মন্দিরের কেচিগেট ভেঙে ভেতরে ঢুকে নাশকতা চেষ্টার সময় মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।  শনিবার (১০ আগস্ট ) রাত আড়াইটার দিকে মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় আনসার ও ভিডিপি’র সদস্যরা ওই যুবককে আটক করেন।

আটককৃত যুবক উপজেলার সাতপোয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তার কাছ থেকে তালা ও কেচিগেট ভাঙার বিভিন্ন সরাঞ্জাম জব্দ করা হয়।

রবিবার (১১ আগস্ট ) সকালে আটককৃত যুবককে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বীর ধানাটা রায়পাড়া কালিমাতা মন্দির এলাকায় গতকাল রাতে আনসার ও ভিডিপির সদস্য টহল দিচ্ছিল। এ সময় তাদের কাছে তথ্য আসে, ওই মন্দিরে কিছু দুষ্কৃতকারী ঢুকছে। দ্রুত তারা মন্দিরে ছুটে যান। এ সময় মন্দিরের কেচিগেটের তালা ভেঙে একজন দুষ্কৃতকারী ভেতরে প্রবেশ করছে। তাদের (আনসার ও ভিডিপি সদস্য) উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যান। মন্দিরের ভেতর থেকে ওই যুবককে আটক করা হয়।

জামালপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো.মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “দীর্ঘ সময় ধরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার ও ভিডিপির সদস্য আইনশৃঙ্খলা বাহিনীরা এবং নাগরিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, মন্দির ও গীর্জাসহ বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতি প্রতিরোধে আমার সদস্যরা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে ওই মন্দির এলাকায় আমার সদস্যরা টহল দিচ্ছিল। তারা মন্দিরের কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।”