২৪ দিন পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় টোল প্লাজায় ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ায় বন্ধ থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২৪ দিন পর টোল আদায় শুরু হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট) বিকেলে বনানী ও মহাখালী টোলপ্লাজা বাদে বাকিগুলোতে টোল আদায় শুরু হয়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ি ও মহাখালী টোলপ্লাজা বাদে বাকি টোলপ্লাজায় বেলা ৩টা থেকে টোল আদায় শুরু হয়েছে। আমাদের বিমানবন্দর, কুড়িল, তেজগাঁও, কুড়িল, বনানী-১ প্লাজা ঠিক আছে। এসব প্লাজায় আমরা আগের নিয়মে টোল আদায় করছি।

তিনি আরো বলেন, বনানী (চেয়ারম্যানবাড়ি) এবং মহাখালী প্লাজা আপাতত বন্ধ থাকবে। কোম্পানি সিদ্ধান্ত নিলে পরে আমরা সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় চালু করতে পারব।

কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাতে বনানী ও ১৯ জুলাই বিকেলে মহাখালী টোলঘরে আগুন দেওয়া হয়। শত শত লোকজন টোলঘরে হামলা চালায়। আগুনে টোল বুথ, ছাউনি, সিস্টেম সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারফিউ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এটির নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড। আগুনে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।