অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার অধীন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবেন সোমবার (১২ আগস্ট)। বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার অধনে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এ বৈঠকে অংশ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিবদের বৈঠকে উপস্থিত থাকার জন্য আগেই চিঠি পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানান, এ বৈঠকে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হবে। এজন্য তাদের সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কম সময়ের মধ্যে রাষ্ট্রের কিছু সংস্কার করতে চায়। এ জন্য প্রতিটি মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি বিষয়েও আলোচনা হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, বৈঠকে শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা উপস্থিত থাকবেন। মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত সচিবদের (গ্রেড-১) এ সভায় থাকতে হবে না।
১৭ সদস্যদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে ২৭টি মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দুই উপদেষ্টার হাতে ছেড়ে দিয়েছেন তিনি।
এর মধ্যে বিধান রঞ্জন রায় পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা।