সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ সোমবার (১২ আগস্ট) থেকে এসব আদালতে বিচারকাজ চলবে।
রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ করা হয়।
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য হাইকোর্টের আটটি বেঞ্চ বসবে। নতুন এ বেঞ্চগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত এবং তিনটি একক।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের গঠিত বেঞ্চগুলো হলো-
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান (রিট), বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ (দেওয়ানি), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (কোম্পানি বেঞ্চ), বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান (রিট), বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (দেওয়ানি ও ফৌজদারি), বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান (ফৌজদারি), বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা (ফৌজদারি) এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ (দেওয়ানি)।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় ঘটা নানা সহিংসতায় গত ৪ আগস্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
