অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) বাতিলের দাবি জানিয়েছে দেশের সবচেয়ে বড় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সোমবার (১২ আগস্ট) ধানমণ্ডিতে সংস্থাটির কার্যালয়ে “ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয়” শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি করেন নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
ফাহমিদা খাতুন বলেন, “অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের মাধ্যমে যত ধরনের অন্যায় অনিয়ম তৈরী হয়েছে। বাংলাদেশ ব্যাংকে না গিয়ে কর্মকর্তারা সেখানে গিয়ে অন্যায্য চর্চা করেন। বাংলাদেশ ব্যাংক যার কারণে স্বাধীনতা হারিয়েছে। এটি এ মুহূর্তে বাতিল করতে হবে।”
তিনি আরও বলেন, “ব্যাংক খাতে কয়েকজন মিলে অলিগার্ক সৃষ্টি করেছে, তারা কেন্দ্রীয় ব্যাংকে নীতিও তৈরি করে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে দুর্বলতার আরেকটি বড় কারণ ব্যাংক কোম্পানি আইন বারবার পরিবর্তন করা হয় মালিকদের সুবিধার জন্য।”
তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের সমালোচনা করে বলেন, “সাধারণত ব্যাংকের গভর্নর নিয়োগে ব্যাংলাদেশ ব্যাংক এক্ট ২০০৩ অনুযায়ী কোনো বর্তমান বা অবসরপ্রাপ্ত সচিবকে নিয়োগ দেওয়ার বিধান নেই, সেই আইনের তোয়াক্কা না করে গত কয়েক টার্ম গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।”