কবি নজরুল বিশ্ববিদ্যালয় 

উপাচার্যসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন 

অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৌমিত্র শেখরসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা। এসময় তারা আমরণ অনশনেরও ঘোষণা দেন। সোমবার (১২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়। 

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর ও তাদের সহচরদের পদত্যাগের দাবি জানান। 

তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন—ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এমদাদুল হুদা, সিসি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ। 

বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আনোয়ার হোসেন কাজল, শুভ, শাকিল আহমেদ, রাজু শেখ, তোফায়েল আহমেদ, পারভেজ প্রমুখ। 

এসময় উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থী শুভ। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসির বাংলো ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। একইসঙ্গে ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।