মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেন থর্প, জানান স্ত্রী

গত ৫ আগস্ট অনন্তলোকে পাড়ি জমান সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান গ্রাহাম থর্প। ঠিক কীভাবে ৫৫ বছর বয়সী থর্পের মৃত্যু হয়েছিল সেটি তখন জানানো হয়নি। এবার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আত্মহত্যা করেছেন থর্প। দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে থর্পের স্ত্রী অ্যামান্ডা এ তথ্য জানান।

ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট ও ৮২টি ওয়ানডে খেলেছিলেন থর্প। মৃত্যুর কয়েক বছর আগে থেকেই থর্প বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভুগছিলেন বলে জানান স্ত্রী অ্যামান্ডা। তিনি বলেন, ‘একজন স্ত্রী এবং দুজন কন্যা, যারা তাকে ভালোবাসতো এবং যাদের সে ভালোবাসতো, তারা থাকার পরও ওর পরিস্থিতির উন্নতি হয়নি। সাম্প্রতিক সময়ে সে এতটা অসুস্থ ছিল যে, সে সত্যিই বিশ্বাস করতো যে সে না থাকলেই আমরা ভালো থাকবো। আসলেই সে এমন করেছে এবং আত্মহত্যা করেছে। এতে আমরা বিধ্বস্ত হয়ে গেছি।’

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লিখিয়েছিলেন থর্প। ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্বও বেশ কিছুদিন পালন করেন। ২০২২ সালে আফগানিস্তানের প্রধান কোচ হওয়ার কথা ছিল। তবে সে বছরের মে মাসে ‘গুরুতর অসুস্থ’ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানা যায়। তখনো ঠিক অসুস্থতা খোলাসা করে বলা হয়নি।

থর্পের স্ত্রী বলছেন, সে সময় আসলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি, ‘কয়েক বছর ধরেই গ্রাহাম বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভুগছিল। ২০২২ সালের মে মাসে সে আত্মহত্যার জোরালো চেষ্টা চালায়। এরপর তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কক্ষ) লম্বা সময় থাকতে হয়।’

তার প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান বিবেচনা করা হতো থর্পকে।