এবার ৫ উইকেটের হার এইচপির

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:৩৭ পিএম

সুদূর অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলছেন উঠতি খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিবি এইচপি দল। প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে হারের মুখ দেখতে হয়েছে আকবর আলীর এ দলটিকে। ডারউইনে হওয়া ম্যাচের শেষ ওভারে এসে তাসমানিয়ার কাছে এইচপি ম্যাচ হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।

সোমবার আগে ব্যাটিং করা এইচপি শুরুটা পেয়েছিল দুর্দান্ত। তানজিদ হাসান তামিম ও জিশান আলমের উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে প্রায় ৯ রানরেটে ৭৩ রান জড়ো হয় বোর্ডে। পর পর দুই বলে দুই ওপেনার ফিরে যাওয়ায় ছেদ পড়ে সেই রানের গতিতে। তানজিদ ২৯ বলে ২৮ রান করলেও জিশান খেলেন ২৩ বলে ৩৮ রানের ইনিংস।

এর পর প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাটে রানের দেখা পান পারভেজ হোসেন ইমন। ২৯ বলে ৩৯ রান করে শেষতক অপরাজিত ছিলেন এ বাঁহাতি ব্যাটার। এছাড়া আফিফ হোসেন ৬ বলে ১০, আকবর আলী ১৭ বলে ২০, শামীম হোসেন ১২ বলে ১৩ রান করে ফিরে যান। আবু হায়দার রনি ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন। তাতে ৫ উইকেটে ১৬৬ রানে পুঁজি পায় এইচপি।

জবাবে জয়ের দিকেই দলকে নিয়ে যাচ্ছিলেন এইচপির বোলাররা। তবে তাসমানিয়ার উইকেটরক্ষক ব্যাটার জ্যাক ডোরান একা হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ৩৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংসে ৩ বল বাকি থাকতে জয় পেয়ে যায় তাসমানিয়া। এইচপির রাকিবুল হাসান জোড়া উইকেট শিকার করেন।

১৪ আগস্ট সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে পরের ম্যাচ এইচপির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত