ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

ভারতের বিহারের জেহানাবাদ জেলার একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে রবিবার (১১ আগস্ট) রাত থেকে বহু মানুষ আসেন বিহারের জেহানাবাদ জেলার সিদ্ধেশ্বর নাথ মন্দিরে। বিহারসহ ভারতের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন। এ সময় মানুষের ভিড়ে হুড়োহুড়িতেই প্রাণহানির ঘটনা ঘটে।
 
আহতদের স্থানীয় মাখদুমপুর ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। সেখানে উদ্ধারকারী দলের সদস্যরাও পৌঁছান। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। কীভাবে এ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
 
মন্দিরে আসা একজন ভক্তের দাবি, ফুল-বিক্রেতার সঙ্গে সংঘর্ষের পর স্বেচ্ছাসেবকরা লাঠিচার্জ করে। এতেই পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। সেখানে প্রশাসনের কেউ ছিল না। তিনি অভিযোগ করে বলেন, ‘পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে এমনটি ঘটেছে।’ 

তবে স্বেচ্ছাসেবকদের লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছেন জেহানাবাদের মহকুমা কর্মকর্তা (এসডিও) বিকাশ কুমার। তিনি বলেন, ‘এমন কিছু ঘটেনি। এটি দুর্ভাগ্যজনকভাবে ঘটে। সেখানে কঠোর নজরদারি ছিল। ফোর্স (এনসিসি), সিভিল ডেপুটেশন এবং মেডিকেল টিমসহ পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। ময়নাতদন্তের পরে আমরা আরও বিস্তারিত জানাব।’