দল চাইলে রাত দুইটায় উঠেও বোলিং করতে প্রস্তুত মহারাজ

১৩ মাস পর কোনো টেস্ট ড্র হওয়ার সাক্ষী হয়েছে ক্রিকেটবিশ্ব। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই টেস্টে ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার স্পিন তারকা কেশব মহারাজ। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৫৬.২ ওভারের মধ্যে ২৬.২ ওভারই করেন মহারাজ। ২ মেডেন ও ৮৮ রান দিয়ে প্রথম ইনিংসের মতো এখানেও তিনি ৪ শিকার ধরেন।

ম্যাচে ৮ উইকেট নেওয়া এ স্পিনার জানালেন, দল চাইলে রাত দুইটায় উঠেও বোলিং করতে প্রস্তুত তিনি। মহারাজ বলেন, ‘স্পিন বোলিং আমার প্যাশন। আমি এটা করতে ভালোবাসি। আমাকে যদি রাত দুইটায় উঠেও বোলিং করতে বলা হয়, আমি করবো। এটা আমাকে অনুপ্রাণিত করে। আর দলের জন্য ভালো করতে চাওয়া এবং এই দলকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকার কারণে প্রয়োজনে সারাদিন বোলিং করতেও রাজি আছি আমি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদ টেস্টের দক্ষিণ আফ্রিকা একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কেবল মহারাজই ছিলেন। দীর্ঘ সময় যে বোলিং করতে হবে তা ভালো করেই জানতেই তিনি। তবে এর জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখার কথা বললেন এই স্পিনার, ‘আমি যে সংস্করণেই খেলেনি না কেন, এমনভাবে কাজ করি যেন আমি টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা পরিবর্তনই করতে হয়, সেটা হলো লেংথ। আর মাঝেমধ্যে লাইনেও কিছুটা বদল আনতে হয়। তবে দীর্ঘক্ষণ বোলিং করার জন্য আমি এখনও ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করি। সেটা টি-টোয়েন্টি হোক বা পঞ্চাশ ওভারের ম্যাচের প্রস্তুতি।’

মহারাজ যোগ করেন, ‘এটা নিয়ে আমি গর্ববোধ করি। বিশ্বের অন্যান্য স্পিনারদের মতো আমার খুব বেশি বৈচিত্র্য নেই। তাই আমি ধারাবাহিকতার উপর নির্ভর করার চেষ্টা করি এবং দীর্ঘ সময় ধরে এই কাজটি করে যেতে চাই।’