ফুরোননি অ্যান্ডারসন, ফিরতে চান সাদা বলে

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন মনে করছেন তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিট রয়েছেন। টেস্ট থেকে অবসর নিলেও সাদা বলের সংস্করণে ফেরার কথা ভাবছেন জিমি। বলেছেন, ‘আমার মনে হয় এখনও কিছু বাকি রয়ে গেছে। আমি আরও কিছুদিন খেলতে চাই। আমি জানি না সেটি কি। তবে যেকোনো কিছুর জন্যই আমি এই মুহূর্তে উন্মুখ রয়েছি।’

৪২ বছর বয়সী জিমি টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা বোলারদের একজন। গত মাসে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলেন তিনি। টেস্ট থেকে অবসরের আগেই ইংল্যান্ড দলের কোচিং ও মেন্টরিং ভূমিকায় তার নিয়োগের চাহিদার কারণে ধরেই নেওয়া হয়েছিল খেলোয়াড়ি জীবনের অবসান ঘটেছে জিমির।

তবে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট শিকার করা জেমস অ্যান্ডারসন ভাবছেন ভিন্নভাবে। ছোট সংস্করণের ক্রিকেটে প্রত্যাবর্তনের মাধ্যমে আরও কিছুদিন খেলার মধ্যে থাকতে চান তিনি। দেশটির প্রেস অ্যাসোসিয়েশনের কাছে জিমি বলেছেন, ‘আমি কিছুটা অস্বীকার বোধের মধ্যে রয়েছি। আমি জানি ইংল্যান্ডের জন্য আর খেলা সম্ভব নয় আমার পক্ষে। তবে আমি খেলোয়াড়ি জীবন নিয়ে এখনও পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে পারিনি।’

যোগ করেন, ‘আমি জানি অনেকদিন হলো এ ফরম্যাটে আমি খেলিনি। আমার বয়সও একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। এ বছর দ্যা হান্ড্রেডে বলের সুইং দেখে মনে হয়েছে, আমি এ সংস্করণে কার্যকর একজন হয়ে উঠতে পারি।’

সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি সংস্করণের ম্যাচ খেলেছিলেন অ্যান্ডারসন। ক্যারিয়ারের গত ১০টি বছর শুধুমাত্র টেস্ট ক্রিকেটকেই উৎসর্গ করেন জিমি। আর দল হিসেবে ইংল্যান্ডের প্রত্যাশা ২০২৫ অ্যাশেজ সিরিজের আগে কোচিং রোলে অ্যান্ডারসনকে পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত