সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্ক। যিনি ট্রাম্পের পুনর্নির্বাচনের প্রচারকে প্রকাশ্যে সমর্থন করেছেন।
সোমবার (১২ আগস্ট) রাত ৮টায় মাস্কের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎকারের জন্য ট্রাম্প বসেছিলেন। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছেন ইলন মাস্ক।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় সোমবার মাস্ককে সাক্ষাৎকার দেবেন ট্রাম্প—এমন ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচারিত হবে। কিন্তু আজ মঙ্গলবার তা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।
মাস্ক এক্স-এ বলেছেন, ‘বিশাল ডিড’স আ্যাটাক হয়েছে। তাই অনেক এক্স ব্যবহারকারী লাইভ সাক্ষাৎকার শুনতে পাচ্ছেন না।’
তিনি জানান, ‘আমরা ঠিক করার চেষ্টা করছি। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে লাইভে কম শ্রোতাকে নিয়ে শুরু করব। তারপর এই কথপোকথন পোস্ট করে দেওয়া হবে।’
সাক্ষাৎকারে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে কড়া আক্রমণ করে ট্রাম্প বলেন, বাইডেন ক্ষমতায় না থাকলে মস্কো কখনোই আক্রমণ করত না।
ট্রাম্প যুক্তি দিয়েছিলেন যে পুতিনের সঙ্গে তার ‘শক্তিশালী’ সম্পর্ক সংঘাত এড়াতে পারত, তিনি এমনকি পুতিনকে পদক্ষেপ না নিতে বলেছিলেন।
ট্রাম্প মাস্ককে বলেন, ‘আমি পুতিনের (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছিলাম এবং তিনি আমাকে সম্মান করতেন।
ট্রাম্প বলেছেন, ‘বিশ্বে উষ্ণায়ন সবচেয়ে বড় বিপদের কারণ নয়, আগামী চারশ বছরে সমুদ্রের জলস্তর এক ইঞ্চির এক অষ্টমাংশ বাড়বে।’
ট্রাম্প জানিয়েছেন, ‘সবচেয়ে বড় বিপদের কারণ হলো নিউক্লিয়ার ওয়ার্মিং। কারণ, এখন পাঁচটি দেশের হাতে প্রচুর পরিমাণে পরমাণু অস্ত্র আছে। আর বাইডেনের মতো মানুষকে রেখে আমরা এই বিপদের মুখে বিশ্বকে ফেলে দিতে পারি না।’
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু টুইটার কিনে তার নতুন নামকরণ করার পর ২০২২ সালের নভেম্বরে সাবেক প্রেসিডেন্টকে এক্স-এ ফিরিয়ে আনেন মাস্ক।