পাকিস্তানে সাবেক আইএসআই প্রধান জেনারেল ফয়েজ গ্রেপ্তার

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৫:৪৬ পিএম

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ফয়েজ হামিদকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির ‘টপ সিটি’ আবাসন প্রকল্প কেলেঙ্কারির ঘটনায় সামরিক আদালতে জেনারেল হামিদের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (১২ আগস্ট) এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হামিদের অবসরের পর তার বিরুদ্ধে সেনা আইনের একাধিক লঙ্ঘন প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্ট তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, কোর্ট মার্শালের প্রক্রিয়া শুরু হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে (অব.) সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। তবে লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

পাকিস্তানে এমন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তারের নজির বিরল। দেশটির স্বাধীনতার পর থেকে এখনো সামরিক বাহিনী তাদের প্রভাব ধরে রেখেছে। তারা পাকিস্তানের ৭৭ বছরের মধ্যে ৩০ বছরেরও বেশি সময় শাসন করেছে।

রয়টার্স জানায়, আইএসআই প্রধানকে সাধারণত সেনাপ্রধানের পর পাকিস্তানের দ্বিতীয় শক্তিশালী সামরিক কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। হামিদ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসআইয়ের মহাপরিচালক ছিলেন। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পরে তালেবানরা আফগানিস্তান দখল করে। সে সময় কাবুলের একটি হোটেলের লবিতে চা পান করার সময় বিশ্বব্যাপী আলোচনায় এসেছিলেন ফয়েজ হামিদ। ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে থাকাকালীন আইএসআই দীর্ঘদিন ধরে তালেবানকে সমর্থন দেওয়ার অভিযোগ করে আসছিল।

হামিদকে ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবেও বিবেচনা করা হত, যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে আইএসআই প্রধান মনোনীত করেছিলেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। সে সময় ইমরান খান অভিযোগ করেন, এটি সামরিক বাহিনী দ্বারা পরিকল্পিত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত