বতসোয়ানাকে অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতিয়েছেন লেতসিলে তেবোগো। প্যারিস অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতেন তিনি। তাকে উৎসবের মাধ্যমে বরণ করে নিতে বতসোয়ানায় আজ অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়।
বতসোয়ানার প্রেসিডেন্ট মকগিউয়িতসি মাসিসি আজ স্থানীয় সময় বিকেলে এই ছুটি ঘোষণা করেন।
প্যারিস অলিম্পিকে দুটি পদক জিতেছে বতসোয়ানা। তেবোগোর ব্যক্তিগত স্বর্ণ জয় ছাড়াও পুরুষ ৪ গুণিতক ৪০০ মিটার রিলে দৌড়ে রুপা জিতেছে বতসোয়ানা।
অলিম্পিকে এ নিয়ে মোট চারটি পদক জিতল আফ্রিকা অঞ্চলের দেশটি।
তেবোগো সোনা জয়ের পরের দিনও (৯ আগস্ট) বতসোয়ানায় অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট মাসিসি।
২০১২ লন্ডন গেমসে অলিম্পিকে প্রথম পদকের দেখা পায় বতসোয়ানা। ৮০০ মিটার দৌড়ে রুপা জিতেছিলেন নাইজেল আমোস। ২০২০ টোকিও অলিম্পিকে পুরুষ ৪ গুণিতক ৪০০ মিটার রিলে দৌড়ে ব্রোঞ্জ জিতেছিল বতসোয়ানা।