আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেয়ায় শপথ ভঙ্গের অভিযোগ এনে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবিতে মঙ্গলবার (১৩ আগস্ট) চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে মহানগর সেচ্ছাসেবক দল।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, উপদেষ্টার এমন বক্তব্য খুনিদের উৎসাহিত করবে। যে কারণে অবিলম্বে তার ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তাঁরা।
নগরীর কাজির দেউড়ি মোড় থেকে বিকেলে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, ‘শহীদদের রক্ত না শুকানোর আগেই উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাবেক প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে যে মন্তব্য করেছেন এটা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছুই না। উপদেষ্টার এমন বক্তব্যে দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত যা খুনীদের উৎসাহিত করবে। এর মধ্য দিয়ে তিনি শপথ ভঙ্গ করেছেন, অবিলম্বে তার ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত।’
সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এড. সাইদুল ইসলাম, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক এম. আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, মোখলেছুর রহমান, রাসেল খান।