সেই কোপা আমেরিকার পর থেকে মাঠে নেই চোটাক্রান্ত লিওনেল মেসি। তাকে ছাড়াই লিগস কাপ খেলছিল ইন্টার মায়ামি। কিন্তু মেসিকে ছাড়া তারা বেশিদূর যেতে পারল না। কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মায়ামি।
অথচ গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিয়েই ইন্টার মায়ামিকে লিগস কাপের শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল মেসি। ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। তবে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে এবারের লিগস কাপে খেলতে পারেননি মেসি। তিনি কবে মাঠে ফিরবেন সেটাও অনিশ্চিত।
বাংলাদেশ সময় আজ বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ৬২ মিনিটে আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ ব্যবধন দ্বিগুণ করেন। দুই গোলে পিছিয়ে পড়া কলম্বাস ১২ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয়। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ৭৯ মিনিটে রসি নিজের দ্বিতীয় গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।