রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় থুমপাড়া জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে চিনিমং মারমা (২০) ও মনু চাকমা।
আহতরা হলেন- বস্তা চাকমা (৪৫) দলাইয়ে চাকমা (৪০) কালাকেতু (৫০) বর্ম চাকমা (২০) কেচিনো মারমা (৩৮) ও সুরেশ চাকমা (২৫)। আহতরা সবাই জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শ্রমিকরা বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে বাজার করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি পানকাটা ছড়া নামক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িচালক ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আরেকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, “মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে হাসপাতালে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে আট জনকে আনা হলে তার মধ্যে ২ জনকে মৃত পাওয়া যায়। অপর ৬ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কম গুরুতর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন আছেন।”